Previous
Next

সর্বশেষ


Saturday, October 10

বিশ্বসেরা কানাইঘাটের হাফেজ হিরা

বিশ্বসেরা কানাইঘাটের হাফেজ হিরা


নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন সিলেটের কানাইঘাটের কৃতী সন্তান হাফেজ ইহতেশামুল হক হিরা। তাঁর অসাধারণ এ সাফল্যে গর্বিত কানাইঘাটবাসীসহ পুরো বাংলাদেশ।

হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) তাঁর এ অনন্য অর্জনের তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজী।

তিনি জানান, গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপের বাছাইপর্ব পেরিয়ে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ ইহতেশামুল হক হিরা।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

হাফেজ ইহতেশামুল হক হিরার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ফালজুর গ্রামে।তার পিতার নাম মাস্টার আনোয়ারুল হক।

পবিত্র কোরআন হিফজের সাধনা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জন করে তিনি নিজ জন্মভূমি কানাইঘাটসহ পুরো বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন।

তাঁর এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের কোরআন শিক্ষার ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্যও এক অনন্য গৌরবের উপলক্ষ। বিশ্বমঞ্চে হিরার এ বিজয় নতুন প্রজন্মের কোরআনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কানাইঘাট সীমান্তে গু'লি'বি'দ্ধ যুবকের লা*শ উদ্ধার

কানাইঘাট সীমান্তে গু'লি'বি'দ্ধ যুবকের লা*শ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিন আহমদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরদিন শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সোনারখেওড় গ্রামের সীমান্তবর্তী কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি নিহতের পরিবারকে জানান। খবর পেয়ে তাঁর বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাহিন আহমদ মাঝেমধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন। তাঁদের ধারণা, শুক্রবার রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথবা সীমান্ত এলাকার অস্ত্রধারী খাসিয়াদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে এসব বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ সোনারখেওড় সীমান্ত এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের বড় ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এক যুবকের এমন রহস্যজনক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

কানাইঘাটে ক্রীড়া উৎসবে মাতল গাছবাড়ী মডার্ণ একাডেমি

কানাইঘাটে ক্রীড়া উৎসবে মাতল গাছবাড়ী মডার্ণ একাডেমি


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী নানা ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

একাডেমির সিনিয়র শিক্ষক মো. হানিফ ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল বাসিত। স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, মেধাবী ও যোগ্য জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না; বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এবার বিজয়ী হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় বিষয়। অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে সংসদ সদস্যের কাছে একটি আইসিটি ভবন নির্মাণ, বিদ্যালয়ের খেলার মাঠ ভরাট ও পাকাকরণ এবং একাডেমির মসজিদে অজুর সুব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। জবাবে সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের এডহক কমিটির সভাপতি জাকারিয়া আল মামুন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন এবং গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি এনামুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাছবাড়ী সামিট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জয়নাল আজাদ, গাছবাড়ী মেরিট গার্ডেনের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শেষপর্বে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ প্রতিযোগিতা ও সহশিক্ষামূলক কার্যক্রমের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কানাইঘাটের সাতবাঁকে জাসাসের নতুন কমিটির অভিষেক

কানাইঘাটের সাতবাঁকে জাসাসের নতুন কমিটির অভিষেক


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতবাঁক ইউনিয়ন জাসাস।

সাতবাঁক ইউনিয়ন জাসাসের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন ও ছাত্রদল নেতা জাহেদ হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন, সাতবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, জেলা যুবদল নেতা গিয়াছ উদ্দিন ও রুবেল আহমদ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সহ-সভাপতি সাহেদ আহমদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মামুন মেম্বার, বিএনপি নেতা আলী আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজ আহমদ সুজন, দিঘীরপাড় ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জাসাসের সভাপতি সালেক আহমদ, ইউপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রশিদ ও যুবদল নেতা জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাতবাঁক ইউনিয়ন জাসাসের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাতসহ কমিটির প্রায় সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Thursday, October 8

কুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফের আব্দুল্লাহ

কুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফের আব্দুল্লাহ


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের কুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ।

নবগঠিত কমিটিতে মো. জয়নাল আবদীনকে সহ-সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চক্রবর্তীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর মো. আব্দুল্লাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যেতে চান।

তিনি বলেন, “এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”

দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক


নিজস্ব প্রতিবেদক :

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নতুন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কানাইঘাটের সন্তান অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে Code of Criminal Procedure, 1898-এর Section 492 এবং Legal Remembrancer's Manual, 1960-এর ক্ষমতাবলে অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কান্দিগ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এবং কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ডা. আবু শহিদ শিকদারের জ্যেষ্ঠ পুত্র।

তিনি ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর আইনজীবী হিসেবে পেশাগত জীবনে যোগ দেন। আইন পেশায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসার ধারাবাহিকতায় এবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

তার এই নিয়োগে কানাইঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বে অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কানাইঘাটে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

কানাইঘাটে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট পৌরসভার মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,এলাকাবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থী খাজা শামীম আহমদ শাহীন ও তুষার সালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  ফরিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ হান্নান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিফতাহুজ্জামান,ইউপিইটিসি ইন্সট্রাক্টর মনজুরুল ইসলাম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম,প্রভাষক আহমদ হোসেইন, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ.কে.এম ওলিউল্লাহ,কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ,সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন বর্ধন,আমেরিকা প্রবাসী মাস্টার শামসুল ইসলাম , দলইমাটি মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব‌্য রাখেন আবু বক্কর,জামিল আহমদ,বুলবুল আহমদ প্রমূখ।

এ সময় সংবর্ধিত শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা।

পরে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কানাইঘাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসন-পুলিশের প্রস্তুতি সভা

কানাইঘাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসন-পুলিশের প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক :

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৩৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি, আনসার-ভিডিপি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী বা অশুভ শক্তি যাতে ধর্মীয় বিভাজন সৃষ্টি, নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও সার্বক্ষণিক তদারকি করবেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে একই দিন বিকেল ৩টায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা বিষয়ক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন।

থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম।

তিনি বলেন, কানাইঘাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে থানা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিয়মিত রাখা হচ্ছে। পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সব মণ্ডপে পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।

তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগসহ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Wednesday, October 7

আনন্দের ফেরা হলো না, কফিনে ফিরছেন দুই প্রবাসী! গাছবাড়ীতে শোকের মাতম

আনন্দের ফেরা হলো না, কফিনে ফিরছেন দুই প্রবাসী! গাছবাড়ীতে শোকের মাতম


নিজস্ব প্রতিবেদক :

স্বপ্ন ছিল দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরবেন। আপনজনদের সঙ্গে সময় কাটাবেন, মায়ের হাতের রান্না খাবেন, স্ত্রীর সঙ্গে গল্প করবেন, সন্তানদের বুকে জড়িয়ে ধরবেন। কারও স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে দিয়ে ঘরে নতুন বউ আনবেন, গড়বেন নতুন এক পারিবারিক বন্ধন। কিন্তু নির্মম নিয়তি কেড়ে নিয়েছে সেই সব স্বপ্ন।

জীবিত হয়ে নয়, দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল কফিনবন্দী হয়ে দেশে ফিরছেন কানাইঘাটের গাছবাড়ী এলাকার দুই সৌদি প্রবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে কর্মরত দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের করিম উদ্দিন ও খালিদ আহমদ দীর্ঘদিন পর ছুটিতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আপনজনদের কাছে ফেরার সেই প্রতীক্ষার মধ্যেই গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

দুর্ঘটনার পর থেকে তাদের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা ছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে আগামীকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার তাদের মরদেহ দেশে আনা হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। পরে বাদ আসর আকুনি মাদরাসা মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল করিমের ভাতিজা বোরহান উদ্দিন।

প্রবাসজীবনের কষ্ট শেষে আপনজনদের কাছে ফেরার যে স্বপ্ন নিয়ে তারা পথ চেয়েছিলেন, সেই ফেরা আর আগের মতো হলো না। যে ঘরে তাদের আগমনের অপেক্ষায় ছিল স্বজনদের চোখ, সেই ঘরেই এখন অপেক্ষা করছে নিথর দেহ।

দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে গাছবাড়ী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের বাড়িতে চলছে আহাজারি। প্রিয়জনকে একবার দেখার অপেক্ষায় পরিবারের সদস্যদের চোখে এখন শুধু অশ্রু আর বুকভরা হাহাকার।




Monday, October 5

বীর মুক্তিযোদ্ধা কমর উদ্দিন চৌধুরীকে স্মরণ করে হাবিবের আবেগঘন স্মৃতিচারণ

বীর মুক্তিযোদ্ধা কমর উদ্দিন চৌধুরীকে স্মরণ করে হাবিবের আবেগঘন স্মৃতিচারণ


হাবিবুর রহমান:

কিছু মানুষ আমাদের জীবনে শুধু আত্মীয় হিসেবে থাকেন না; তাঁরা হয়ে ওঠেন আমাদের শৈশবের স্মৃতি, পারিবারিক গর্ব এবং জীবনের মূল্যবান এক একটি অধ্যায়। আমার তালই, বীর মুক্তিযোদ্ধা মো. কমর উদ্দিন চৌধুরী, আমার কাছে তেমনই একজন মানুষ।

সিলেটের কানাইঘাট উপজেলার এই মানুষটি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মুক্তিযোদ্ধা আইডি নম্বর ০৭০৪০৯০২১৬। কানাইঘাটের মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক নথিতে তাঁকে ‘সি’ কোম্পানির কোয়ার্টার মাস্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ক্যাপ্টেন রবের সঙ্গে তাঁর যুদ্ধ করার কথাও উল্লেখ রয়েছে।

ছোটবেলা থেকেই জানতাম, তালই একজন বীর মুক্তিযোদ্ধা। তবে তখন মুক্তিযুদ্ধের ইতিহাসের গভীরতা বোঝার মতো বয়স হয়নি। শুধু দেখতাম, কানাইঘাটে মানুষ তাঁকে কতটা সম্মান করত।

১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কানাইঘাটে থাকার সময় নিজের চোখে দেখেছি—তিনি বাজারে গেলে মানুষ তাঁকে সম্মান করে সালাম দিত। বিভিন্ন রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে মঞ্চে বিশেষ মর্যাদায় বসানো হতো। আমরা স্কুলের ছোট ছোট ছেলেমেয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিলে তিনি উৎসাহ দিতেন, পুরস্কার তুলে দিতেন, আমাদের সঙ্গে কথা বলতেন।

তখন হয়তো বুঝতাম না, কিন্তু আজ বুঝি—সেই সম্মানের পেছনে ছিল একজন মানুষের দীর্ঘ জীবনের ত্যাগ, সাহস এবং মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা গৌরবময় ইতিহাস।

আমার বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই তাঁর সান্নিধ্য পেয়েছি। পরে ২০০১ সালে তাঁর মেজ ছেলের সঙ্গে আমার বড় বোনের বিয়ে হলে আমাদের পারিবারিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ফলে তালই আমার কাছে শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পরিবারের অত্যন্ত আপন একজন মানুষ।


২০০৭ সালের সেই ছবিগুলো:

এই ছবিগুলো ২০০৭ সালের। তখন তালই ক্যান্সারে আক্রান্ত। শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। জীবনের শেষ সময়গুলো পার করছিলেন তিনি। কিন্তু অসুস্থ শরীরের বিপরীতে তাঁর মনের শক্তি ছিল অসাধারণ।

আমি তাঁর পাশে বসতাম। তিনি আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। কোথায় যুদ্ধ করেছেন, কীভাবে সেই কঠিন সময় পার করেছেন, কী ভয় ছিল, কীভাবে সেই ভয়কে জয় করেছেন, কী ধরনের দায়িত্ব পালন করতে হয়েছে—সবকিছু অত্যন্ত মন দিয়ে শুনতাম।

আজ এত বছর পর সেই দিনগুলোর কথা মনে হলে উপলব্ধি করি, তখন আমি শুধু একজন আপন মানুষের গল্প শুনছিলাম না; আমি একজন মুক্তিযোদ্ধার মুখে বাংলাদেশের জন্মের ইতিহাসের একটি অংশ শুনছিলাম।

আমার কাছে তখন একটি ছোট ক্যামেরা ছিল। সেই ক্যামেরায় তাঁর সঙ্গে কয়েকটি ছবি তুলে রেখেছিলাম। আজ এত বছর পর সেই ছবিগুলো যখন দেখি, তখন মনের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হয়।

মনে হয়, যদি আরেকবার তাঁর পাশে বসতে পারতাম! যদি আরেকবার বলতে পারতাম—‘তালই, মুক্তিযুদ্ধের গল্পটা আরেকটু বলেন।’

হয়তো আরও অনেক প্রশ্ন করতাম। আরও অনেক গল্প শুনতাম। আরও কিছু ছবি তুলে রাখতাম। কিন্তু সময় কাউকে দ্বিতীয়বার সেই সুযোগ দেয় না।

আত্মমর্যাদায় ছিলেন অনন্য:

তালইয়ের ব্যক্তিত্বের আরেকটি দিক আমাকে আজও গভীরভাবে নাড়া দেয়—তাঁর আত্মসম্মান।

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় এসেও তিনি কারও ওপর বোঝা হয়ে থাকতে চাইতেন না। অসুস্থ শরীর নিয়েও নিজের মর্যাদা ও আত্মনির্ভরতার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সচেতন।

তখন হয়তো বিষয়টির গভীরতা পুরোপুরি বুঝিনি। আজ মনে হয়, একজন মানুষের চরিত্রের দৃঢ়তা সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় তার কঠিন সময়েই। তালই সেই কঠিন সময়েও নিজের আত্মমর্যাদা ধরে রেখেছিলেন।


রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়:

একসময় তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কানাইঘাটে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এবং দেওয়া হয় গার্ড অব অনার। তাঁর শেষ বিদায়ে রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক গণ্যমান্য মানুষ উপস্থিত ছিলেন।

সেই সময় সেখানে থাকতে পেরেছিলাম। আজও সেটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে আছে।

একজন মানুষকে তাঁর জীবনের শেষ যাত্রায় রাষ্ট্রীয় সম্মান পেতে দেখা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদানের প্রতি রাষ্ট্র ও মানুষের শ্রদ্ধারও একটি প্রকাশ।


স্মৃতির পাতায় একজন মুক্তিযোদ্ধা:

সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় তাঁর নাম রয়েছে। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরেও তাঁর ছবি এবং ১৯৭১ সালের কিছু নথি সংরক্ষিত আছে।

তবে আমার কাছে তাঁর সবচেয়ে মূল্যবান স্মারক কোনো নথি নয়। আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো তাঁর সঙ্গে তোলা সেই কয়েকটি ছবি, তাঁর মুখে শোনা মুক্তিযুদ্ধের গল্প এবং তাঁর সঙ্গে কাটানো সময়গুলো।

আজ যখন সেই ছবিগুলো দেখি, তখন মনে হয়—একটি মানুষের জীবন কখনো শুধু তাঁর নিজের জীবন হয়ে থাকে না। তাঁর জীবন ছুঁয়ে যায় পরিবারকে, সমাজকে এবং কখনো কখনো একটি দেশের ইতিহাসকেও।

আমার তালই আমাকে শিখিয়েছেন, দেশকে ভালোবাসা শুধু কথার বিষয় নয়; মানুষের সম্মান অর্জন করতে হয় কাজের মাধ্যমে। কঠিন সময়েও নিজের আত্মমর্যাদা ধরে রাখতে হয়। আর জীবনের অভিজ্ঞতা ও ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

তালই আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি হারিয়ে যাননি।

তিনি আছেন আমাদের স্মৃতিতে, তাঁর পরিবারের ভালোবাসায়, মানুষের শ্রদ্ধায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা তাঁর পরিচয়ে।

আমার তালই, বীর মুক্তিযোদ্ধা মো. কমর উদ্দিন চৌধুরী—আপনি আমার পরিবারের গর্ব, আমার শৈশবের একটি অমূল্য স্মৃতি এবং আমার কাছে মুক্তিযুদ্ধকে কাছ থেকে অনুভব করার একটি জীবন্ত অধ্যায়।

মানুষ একদিন চলে যায়। কিন্তু কিছু মানুষ চলে গিয়েও থেকে যান—ছবিতে, গল্পে, স্মৃতিতে এবং ইতিহাসে।

তালই, আপনাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।

আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।


লেখকের পরিচয়: হাবিবুর রহমান ,বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জের মানুষ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান এবং মিউনিখের Technical University of Munich (TUM)-এ মাস্টার্স করেন। বর্তমানে তিনি জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত।

২০১২ সালে মিউনিখে নাতালিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবন ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গল্প নিয়ে “Natalia & Habib  সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। 

Sunday, October 4

কানাইঘাটে সরকারি দামে গ্যাস বিক্রিতে প্রশাসনের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

কানাইঘাটে সরকারি দামে গ্যাস বিক্রিতে প্রশাসনের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক :

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে মাঠে নেমেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার সড়কের বাজারে অভিযান চালিয়ে একটি গ্যাস সিলিন্ডারের দোকানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস সড়কের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, এখন থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ যেসব স্থানে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয়, সেসব স্থানে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, অবৈধভাবে মজুদ কিংবা মূল্য তালিকা প্রদর্শন না করলে তার বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির কোনো তথ্য পাওয়া গেলে তা উপজেলা প্রশাসনকে জানানোর জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

রোবট বানিয়ে মালয়েশিয়ায় বাজিমাত, স্বর্ণপদক জিতল কানাইঘাটের নাফিস

রোবট বানিয়ে মালয়েশিয়ায় বাজিমাত, স্বর্ণপদক জিতল কানাইঘাটের নাফিস


নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতা ‘World Invention Competition and Exhibition (WICE)’-এ স্বর্ণপদক অর্জন করেছেন সিলেটের কানাইঘাটের তরুণ আলফাজ আনাম নাফিস।

বিশ্বের ৪৮টিরও বেশি দেশের উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নাফিসের উদ্ভাবিত ‘Fire Fighting and Rescue Robot’ বিশেষ সাফল্য অর্জন করে। তার উদ্ভাবনটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে বলে জানা গেছে।

নাফিসের তৈরি রোবটটি স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করতে এবং তা নিয়ন্ত্রণ ও নেভানোর কাজে সক্ষম। অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষের সরাসরি উপস্থিতি কমিয়ে জীবন ও সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য অর্জন করায় কানাইঘাটসহ সিলেটের বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাফিসকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

নিজের উদ্ভাবন ও অর্জন সম্পর্কে আলফাজ আনাম নাফিস বলেন, “আমি প্রমাণ করতে চেয়েছি বাংলাদেশও প্রযুক্তিতে এগিয়ে আছে। আমার ‘Fire Fighting and Rescue Robot’ মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যেই তৈরি। আমি চাই বাংলাদেশকে প্রযুক্তির বিশ্বে নেতৃত্ব দিতে।”

আলফাজ আনাম নাফিস সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় তার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নাফিসের গ্রামের বাড়ি কানাইঘাট পৌরসভার নয়াতালুক গ্রামে। 

Monday, September 28

কানাইঘাটে আইন-শৃঙ্খলা সভায় চোরাচালান-বিদ্যুৎ বিল নিয়ে তুমুল আলোচনা

কানাইঘাটে আইন-শৃঙ্খলা সভায় চোরাচালান-বিদ্যুৎ বিল নিয়ে তুমুল আলোচনা


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সীমান্তে চোরাচালান, লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাথর চুরি, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং পল্লীবিদ্যুতের অতিরিক্ত বিলসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সভায় চোরাচালান প্রতিরোধে চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা, পাথর চুরি বন্ধ এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্তবর্তী সুরইঘাটসহ বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্যসামগ্রী আনা-নেওয়া বন্ধে চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বিজিবিকে নির্দেশনা দেন ইউএনও।

এ সময় কমিটির সদস্য ও জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, বিজিবি চোরাচালানের পণ্য আটক করলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে না। ফলে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আনা অব্যাহত রয়েছে। এমনকি চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটাচ্ছে। আটক করা চোরাই পণ্যের মালিকদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করা হলে চোরাচালান অনেকাংশে কমে আসবে বলে মত দেন তারা।

সভায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার জানান, গত আগস্ট মাসে এক কোটি টাকার বেশি ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসেও প্রায় এক কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। তবে নানা তৎপরতা সত্ত্বেও চোরাচালান পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে তিনি স্বীকার করেন।

এদিকে লোভাছড়া পাথর কোয়ারিতে জব্দ করা পাথর চুরি এবং অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে বিজিবি ও থানা পুলিশকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ইউএনও সুমাইয়া ফেরদৌস। সীমান্তে চোরাচালান প্রতিরোধে চেকপোস্ট স্থাপন ও টাস্কফোর্সের অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সভা-সেমিনার আয়োজনের কথাও জানান তিনি।

সভায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। চুরি ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে গ্রেপ্তার করা হচ্ছে।

অন্যদিকে, তীব্র লোডশেডিংয়ের মধ্যেও গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন সভার সদস্যরা। তারা বলেন, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে বিভিন্ন অভিযোগ নিয়ে গিয়েও প্রতিকার পাচ্ছেন না গ্রাহকরা। অনেক ক্ষেত্রে মিটার রিডাররা সরেজমিনে মিটার না দেখে মনগড়াভাবে রিডিং দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে সভায় উপস্থিত পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন ইউএনও।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া বক্তব্য দেন দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামছুল ইসলাম এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যরা।